সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

ডেস্ক রিপোর্ট।।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো শিশুদের স্মরণে নীরব হয়ে গেছে শুধু বাংলাদেশ নয়, কাঁদছে পুরো ক্রীড়াবিশ্বও। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে—যার বেশিরভাগই শিক্ষার্থী। এই হৃদয়বিদারক ট্র্যাজেডির প্রতিক্রিয়ায় শোক জানিয়েছে ইউরোপের দুই ফুটবল জায়ান্ট, স্পেনের বার্সেলোনা এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেড, শুক্রবার রাতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে:

“ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি রইল আমাদের ভালোবাসা ও সমবেদনা। আমরা আশা করি, এই শোকের সময়ে আপনাদের প্রার্থনা শান্তি বয়ে আনবে।”

এর আগে এফসি বার্সেলোনা তাদের বাংলাদেশি সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা’-কে চিঠি দিয়ে জানিয়েছে,

“এই শোকাবহ মুহূর্তে আমরা আপনাদের পাশে আছি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

চিঠিতে স্বাক্ষর করেন ক্লাবটির বোর্ড পরিচালক জোসেপ ইগনাসি মাসিয়া ও পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ।

এদিকে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ব্যয় করা হবে।

এর আগে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নরা তাদের শিরোপা উৎসর্গ করেছে নিহত শিশুদের স্মৃতির উদ্দেশে। সামাজিক যোগাযোগমাধ্যমেও খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের অনেকেই শোক ও সংহতি প্রকাশ করেছেন।

সারাদেশের বিভিন্ন স্কুল-কলেজে নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুদের স্মরণে পালন করা হচ্ছে এক মিনিটের নীরবতা।
উত্তরার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটি তাদের জীবনের সবচেয়ে দুঃখজনক সকাল। অনেকেই বলেন, “স্কুলে পাঠিয়ে সন্তানকে লাশ হয়ে ফেরত পাওয়ার যন্ত্রণার নাম যেন এখন ঢাকা!”

সরকার ইতোমধ্যে দুর্ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানটি একটি নিয়মিত মহড়ার অংশ ছিল। এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি বা ত্রুটিপূর্ণ যোগাযোগব্যবস্থা সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন