রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শর্তসাপেক্ষে উত্তরায় আবারও শুটিং শুরু হচ্ছে

ডেস্ক রিপোর্ট।।

উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রম বন্ধে উত্তরা কল্যাণ সমিতির আহ্বানের পরিপ্রেক্ষিতে শুরু হওয়া নাটকীয় অচলাবস্থা শিগগিরই কাটতে চলেছে। অভিনয় শিল্পী, নির্মাতা ও কল্যাণ সমিতির মধ্যে সমঝোতার সম্ভাবনায় শনিবার বিকেলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কল্যাণ সমিতি সেক্টর-৪-এর শুটিং হাউসগুলোতে শুটিং কার্যক্রম বন্ধের আহ্বান জানায়। তাদের অভিযোগ—শুটিং চলাকালে অতিরিক্ত জনসমাগম, শব্দদূষণ এবং যানজট সৃষ্টি হচ্ছে, যা বাসিন্দাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুটিং নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নির্মাতা ও শিল্পীদের সংগঠনগুলো একযোগে আপত্তি জানায়। অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড এবং শুটিং হাউস মালিক সমিতি প্রতিবাদ জানিয়ে দ্রুত আলোচনায় বসার দাবি জানায়।

শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন,
“আমরা পরিবেশ নষ্ট করতে চাই না। কিন্তু শিল্প-সংস্কৃতি এবং নির্মাণশিল্প ধ্বংস হোক, তাও চাই না। আলোচনা করেই আমরা যৌক্তিক সমাধান চাই।”

কল্যাণ সমিতির সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন,
“আমরা শুটিং বন্ধ করতে চাই না। কিন্তু এলাকাবাসীর নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। শর্তযুক্ত অনুমতির আওতায় শুটিং চলতে পারে—এমনটাই আমরা চাই।”

শুটিং হাউস ‘আপন ঘর’-এর মালিক খলিলুর রহমান বলেন,
“আমরা ৩০ বছর ধরে নিয়ম মেনেই কাজ করছি। হঠাৎ করে এমন সিদ্ধান্তে আমাদের কাজ থমকে গেছে। তবে কল্যাণ সমিতির সঙ্গে আলোচনায় বসে সমাধান খোঁজার উদ্যোগ ইতিবাচক।”

সেক্টর-৪ এলাকায় বর্তমানে তিনটি নিয়মিত শুটিং হাউস চালু রয়েছে: লাবণী-৪, লাবণী-৫ ও আপন ঘর-২। একাধিক নাটক, বিজ্ঞাপন ও টিভি অনুষ্ঠানের শুটিং এখান থেকে হয়ে থাকে। এলাকাটি দীর্ঘদিন ধরেই নির্মাতাদের পছন্দের শুটিং লোকেশন হিসেবে পরিচিত।আশা করা হচ্ছে, আজকের বৈঠকে দুই পক্ষ একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছাবে, যাতে করে শুটিং কার্যক্রম চালু রাখা যায় এবং এলাকাবাসীর শান্তিও বিঘ্নিত না হয়। নিয়মিত শুটিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন কিছু নীতিমালা প্রণয়নের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন