সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো আফগান মুদ্রা

ডেস্ক রিপোর্ট।।

কঠিন রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেও ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতার পথে এগোচ্ছে আফগানিস্তান। গত এক বছরে দেশটির মুদ্রা “আফগানি”-এর মানে ০.৭৯ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ‘দা আফগানিস্তান ব্যাংক’। বৃহস্পতিবার (২৪ জুলাই) কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন ব্যাংকের প্রথম সহকারী প্রধান সিদ্দীকুল্লাহ খালিদ।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে ১ মার্কিন ডলারের বিপরীতে ৬৯ আফগানি লেনদেন হচ্ছে, যা দেশের জন্য বড় একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশি মুদ্রায় ডলারের মান যেখানে ১২২ টাকা ছুঁই ছুঁই, সেখানে আফগানির তুলনামূলক স্থিতিশীল মান বিশেষজ্ঞদের নজর কেড়েছে।

মূল অর্জন ও পরিসংখ্যান:

  • পুরনো নোট ধ্বংস করা হয়েছে ৪৮৬ কোটি ৭৮ লাখ আফগানির বেশি।

  • এর বিপরীতে নতুন মুদ্রা ছাড়া হয়েছে প্রায় ৪১৫১ কোটি আফগানি।

  • বৈদ্যুতিক লেনদেনে এসেছে ৮৬ শতাংশ প্রবৃদ্ধি, যা ২৫৪২ কোটি আফগানি ছাড়িয়েছে।

  • কেন্দ্রীয় ব্যাংকের মতে, দেশের বাজারে চলমান অর্থের পরিমাণ এখন ৩৮,৮০০ কোটির বেশি।

ব্যাংক হিসাব থেকে নগদ উত্তোলনের সীমা পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন আফগানি হিসাবে সাপ্তাহিক ৩.৫ লাখ ও মাসিক ১০ লাখ উত্তোলনের সুযোগ রয়েছে। ডলারে এই সীমা যথাক্রমে সাপ্তাহিক ৫ হাজার ও মাসিক ১৫ হাজার ডলার।

মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ও আর্থিক সেবা সংস্থাগুলোর মধ্যে স্বচ্ছতা আনতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে দেশে ১৩১২টি লাইসেন্সপ্রাপ্ত মানি এক্সচেঞ্জ এবং তাদের ১২৪১টি নিবন্ধিত শাখা সক্রিয় রয়েছে।

বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এই সাফল্য আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণ করছে। আফগানি মুদ্রার মান ধরে রাখা এবং বৈদ্যুতিক লেনদেন ব্যবস্থার উন্নয়ন দেশটির আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন