বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাই যোদ্ধাদের জন্য আজীবন চিকিৎসা ও সম্মান নিশ্চিত: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম

ডেস্ক রিপোর্ট।।

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মদানকারী ‘জুলাই যোদ্ধারা’ কেবল একটি আন্দোলনের প্রতীক নন, তারা বাংলাদেশের বিকল্প ইতিহাসের ধারক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান শুধু একটি ঘটনার নাম নয়, এটি বাংলাদেশে গণঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্রকে অবশ্যই এসব যোদ্ধার জীবন ও ত্যাগের মর্যাদা নিশ্চিত করতে হবে।”

শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ারিয়র্স অব জুলাই, চট্টগ্রাম-এর আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠান ও শহীদ পরিবার সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, “আহত জুলাই যোদ্ধারা আজীবন সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা পাবেন। তাদের শ্রেণিকরণ করে মাসিক সম্মানী চালু করা হয়েছে।”
এ-ক্যাটাগরির জন্য মাসে ২০ হাজার, বি-ক্যাটাগরির জন্য ১৫ হাজার এবং সি-ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা করে ভাতা নির্ধারিত হয়েছে বলে জানান তিনি।

জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “ঢাকায় একটি আলাদা অধিদপ্তর চালু করা হয়েছে। ২০ জন কর্মকর্তা ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই ইউনিট জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও স্বীকৃতি সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করছে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি শুধু প্রণোদনা নয়, এটি ইতিহাসের দায় পূরণের একটি মাধ্যম। তারা দাবি করেন, শিক্ষা পাঠ্যক্রমে জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস যুক্ত করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে পারে।

‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, আহত যোদ্ধা রাকিবুল ইসলাম ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন