যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গেছে শেষ মুহূর্তে। শনিবার (২৬ জুলাই) আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে গতি নেওয়ার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে উড়াল বন্ধ করে দেয়। এ সময় কেবিনে ধোঁয়ার সৃষ্টি হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে এয়ারলাইন্সের ফ্লাইট ১৬৮৫-এ, যার গন্তব্য ছিল নর্থ ক্যারোলিনার শার্লট শহর। এয়ারবাস A321 মডেলের এই ফ্লাইটটি টেকঅফের প্রস্তুতির সময় ল্যান্ডিং গিয়ারে ‘কারিগরি সমস্যা’ শনাক্ত করে ককপিট ক্রু। এরপরই নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বিমানটি থামিয়ে ফেলা হয়।
বিমানের ব্রেকিং সিস্টেমের অতিরিক্ত গরম হওয়া থেকেই কেবিনে ধোঁয়ার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে করতে বিমান থেকে নেমে দ্রুত রানওয়ে ত্যাগ করছেন। কয়েকজন যাত্রীকে বিমানের কাছ থেকে দৌড়াতে দেখা যায়।
বিমানটিতে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, সবাই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে এক যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানে ধোঁয়া দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত ছিল যেকোনো বড় দুর্ঘটনা সামাল দেওয়ার জন্য।
ঘটনার পর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে ওই রানওয়ের কার্যক্রম স্থগিত করে, তবে বিমানবন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলতে থাকে।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, “যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ায় আমরা কৃতজ্ঞ। সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটিকে বাইরে রাখা হয়েছে।”
বিমানবন্দরে এই ধরনের ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও, এটি আবারো প্রশ্ন তোলে বিমানের টেকনিক্যাল মেইনটেন্যান্স ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, গরম আবহাওয়ায় অতিরিক্ত ব্রেক ব্যবহার কিংবা যান্ত্রিক খুঁত এমন ওভারহিটিং ঘটাতে পারে, যা ধোঁয়ার সৃষ্টি করে।

