বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আল্লাহর প্রতি আস্থা সংবিধানে যুক্তের পক্ষে অধিকাংশ দল: জামায়াত নেতা রফিকুল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট।।

সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের ১৯তম দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেভাবে ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ অপসারণ করা হয়েছিল, তা আবার সংবিধানে যুক্ত করতে হবে। বেশ কয়েকটি দল এর বিরোধিতা করলেও আমরাসহ অধিকাংশ দলই একমত হয়েছি।”

রফিকুল ইসলাম খান আরও বলেন, “সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা হবে। এটি প্রায় সকল দলের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।”

সংসদে নারীর প্রতিনিধিত্ব প্রসঙ্গে তিনি বলেন, “কমিশন প্রস্তাব করেছে, সংসদের এক-তৃতীয়াংশ নারী সদস্য থাকা উচিত। অধিকাংশ দল ৪০০ আসনের একটি দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে ১০০ নারী ও ৩০০ পুরুষ আসনের পক্ষে মত দিয়েছে।”

তিনি আরও বলেন, “জামায়াতের প্রস্তাব অনুযায়ী, এই নারী আসনগুলো হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (PR) ভিত্তিতে। এ বিষয়ে বেশিরভাগ দলই একমত হয়েছে। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা এখনো চলছে।”

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব নিয়েও ঐক্যমতের কথা জানান জামায়াত নেতা। তিনি বলেন, “প্রত্যেক ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে—এ বিষয়ে সবাই একমত হয়েছি। আমরাও এই প্রস্তাবকে সমর্থন করেছি।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন