পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ অনেক আগেই বন্ধ। তবে সম্প্রতি পহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিপক্ষে আইসিসি ও এসিসি টুর্নামেন্টগুলোতেও খেলতে না চাওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
কিন্তু সময়ের ব্যবধানে সে অবস্থান থেকে সরে এসেছেন তিনি। এশিয়া কাপ ২০২৫–এ পাকিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন এ সাবেক বিসিসিআই সভাপতি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন,
“পহেলগামে যা ঘটেছে, তা কখনোই হওয়া উচিত নয়। তবে সেই ঘটনার জন্য খেলাধুলা বন্ধ করা যায় না। সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত, কিন্তু খেলা চলবে। সূচি নিয়ে আমার কোনো আপত্তি নেই।”
সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপ ২০২৫-এর সূচি ঘোষণা করেছে। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে।
আট দলের অংশগ্রহণে আয়োজিত এবারের আসরে ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত এসিসি বৈঠকে টুর্নামেন্টের সূচির প্রতি আনুষ্ঠানিক সম্মতি দেয়।
বোর্ডের এক সূত্র জানায়,
“বিসিসিআই এখন টুর্নামেন্ট বা ওই ম্যাচ থেকে সরে আসতে পারবে না। এসিসির সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ নির্ধারিত সময়েই হবে।”
এর আগে কয়েকজন সাবেক ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে সবধরনের ম্যাচ বয়কটের আহ্বান জানালেও বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
তবে দেশের কিছু গণমাধ্যম ও নাগরিক সমাজ থেকে এখনো সেই দাবি তুলছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপ এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।
শুরু হবে ৯ সেপ্টেম্বর, আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে।
পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে।

