রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

লুৎফুজ্জামান বাবরকে ‘মজলুম দেশপ্রেমিক’ আখ্যা দিল গণতান্ত্রিক ছাত্র সংসদ

ডেস্ক রিপোর্ট।।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ‘দেশপ্রেমিক ও মজলুম’ আখ্যা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। সেখানে বাবরের রাজনৈতিক জীবন ও বিচারিক পরিস্থিতি নিয়েও কথা বলেন এই ছাত্রনেতা।

রাফি লেখেন, ‘লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবিদের বিরুদ্ধে পুনরায় এমন অভিযোগ উত্থাপন অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। রাজনীতিতে ন্যায়বোধ ও শিষ্টাচার থাকা উচিত।’

রাফির এ বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন রবিবার (২৭ জুলাই) নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভায় লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই মন্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করে বিএনপি এবং সমর্থিত ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রনেতা রাফির এই স্ট্যাটাস রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাবরের বিরুদ্ধে অতীতে উত্থাপিত অভিযোগ ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে ভিন্নমত থাকলেও, তার প্রতি নতুন করে রাজনৈতিক সহানুভূতি তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন