বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জিরো টলারেন্সের ঘোষণা প্রধান উপদেষ্টা ইউনূসের

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে সন্ত্রাসবাদ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির পুনরায় ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থানের কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের রাষ্ট্রীয় অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আর ঠাঁই দেওয়া হবে না। এই হুমকি প্রতিহত করতে যা করণীয়, সরকার তা করবে।”

প্রায় ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, শুল্ক নীতি ও চলমান সংস্কার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। জ্যাকবসন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে উঠবে বলে আমাদের প্রত্যাশা।”

এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে গঠিত কমিশনের কাজের অগ্রগতি নিয়েও অবহিত করেন মার্কিন কূটনীতিককে।

তিনি জানান, “সংস্কার কমিশন অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে চলেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ এবং সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যকার এমন উচ্চপর্যায়ের আলোচনায় সন্ত্রাসবিরোধী বার্তা শক্তভাবে তুলে ধরা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন