বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভারতের ‘পুশ-ইন’ নীতির সমালোচনায় রিজভী, তুলনায় আনলেন শেখ হাসিনাকে

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত বাংলা ভাষাভাষী মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে অথচ একই বৈশিষ্ট্যের অধিকারী হয়েও শেখ হাসিনার প্রতি রয়েছে ভিন্ন আচরণ। তিনি বলেন, “যেহেতু শেখ হাসিনাও বাঙালি মুসলমান, তাহলে তাকেও কি একই যুক্তিতে বাংলাদেশে ‘পুশ-ইন’ করার কথা নয়?”

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।

রিজভীর দাবি, “ভারতের অনেক মুসলিম নাগরিক, যাদের পূর্বপুরুষরাও সেদেশে জন্মেছেন, কেবল ধর্ম ও ভাষার কারণে বাংলাদেশে পাঠানো হচ্ছে। অথচ শেখ হাসিনার মতো অনেকেই, যারা বাংলাদেশি পরিচয়ে ভারতে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে ভারত সরকারের অবস্থান সম্পূর্ণ ভিন্ন।”

তিনি আরও বলেন, “যারা দুর্বৃত্ত হয়ে ভারতে পালিয়ে গেছেন, তাদের কাউকেই ফেরত পাঠানো হচ্ছে না। এ বিষয়ে সরকারের নীরবতাই প্রমাণ করে যে, তারা ভারতের প্রতি অতিরিক্ত নমনীয়।”

রিজভী বলেন, “ভারত চায় বাংলাদেশে তাদের পছন্দের সরকার থাকুক—জনগণ তা চায় কি না, তাতে তাদের কিছু আসে যায় না। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় ভারত তাকে সমর্থন করে যাচ্ছে।”

তিনি এটিকে উপনিবেশিক প্রবণতা হিসেবেও বর্ণনা করেন, যেখানে একটি রাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব-উন নবী সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন