প্রথমবারের মতো এক অর্থবছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। রোববার (২৭ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইআরডির তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৪ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২১ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, এটি দেশের বৈদেশিক দায় পরিশোধ সক্ষমতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলেও দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক চাপও সৃষ্টি করতে পারে, বিশেষ করে যখন নতুন বৈদেশিক সহায়তার প্রবাহ তুলনামূলকভাবে কমে আসছে।
ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন, আগের বছরের তুলনায় বাংলাদেশ বর্তমানে তুলনামূলক কম পরিমাণ বৈদেশিক অর্থ সহায়তা পাচ্ছে। অর্থনৈতিক ও কৌশলগত নানা কারণে দাতা সংস্থাগুলোর অনুদান বা সহজ ঋণের প্রবাহও কিছুটা কমেছে।
অর্থনীতিবিদদের মতে, ঋণ পরিশোধের পরিমাণ বাড়ার পাশাপাশি নতুন ঋণ প্রবাহ কমে গেলে বাজেট ঘাটতি সামাল দিতে সরকারের ওপর চাপ তৈরি হতে পারে। তবে সময়মতো ঋণ পরিশোধ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

