রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রুনা লায়লাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মাননা দিল জেসিআই বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা পেয়েছেন ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। সংগীত ও শিল্পকলায় তার পাঁচ দশকের পথচলা এবং জাতির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।

রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত “উইমেন অফ ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ২০২৫”-এ এক মনোমুগ্ধকর সন্ধ্যায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রুনা লায়লাকে দাঁড়িয়ে সম্মান জানান। পুরো মিলনায়তন তখন করতালিতে মুখর হয়ে ওঠে।

আজীবন সম্মাননা গ্রহণ করে রুনা লায়লা বলেন, “এই সম্মান শুধু আমার একার না, এটি দেশের সংস্কৃতির, সংগীতের এবং সব নারীর যাঁরা নিজেদের পরিচয় গড়ে তুলছেন প্রতিকূলতার মাঝেও।” তিনি জেসিআই বাংলাদেশকে কৃতজ্ঞতা জানান এবং নারীর অবদানকে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও ১৩ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় — শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, মানবাধিকার, ব্যবসা ও ফ্যাশন খাতে ব্যতিক্রমী অবদান রাখার জন্য।
এছাড়া বিশেষ সম্মাননায় ভূষিত হন তিনজন ‘আনসাং হিরো’ — যারা আলোচনার বাইরেও সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারানোদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও ছিল আলিফ অ্যান্ড কোম্পানি পরিবেশিত সাংস্কৃতিক আয়োজন ও কণ্ঠশিল্পী কনা‘র সুরের মূর্ছনায় এক বিশেষ সংগীত পরিবেশনা।

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী ফাহাদ বলেন, “এই রাত তাদের জন্য, যারা নিজেদের গণ্ডি পেরিয়ে সমাজে আলো ছড়িয়েছেন। ‘উইমেন অফ ইনস্পিরেশন’ শুধু একটি সম্মাননা নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের প্রতিশ্রুতি।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশ-এর সভাপতি ও ইটিবিএল হোল্ডিংস চেয়ারম্যান মাহবুবুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন জেসিআই ওয়ার্ল্ড উপদেষ্টা রবি শঙ্কর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন