সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তানের জার্সি পরায় স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হলো না দর্শককে!

ডেস্ক রিপোর্ট।।

ইংল্যান্ড-ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট চলাকালীন ওল্ড ট্র্যাফোর্ডে এক দর্শককে পাকিস্তানের সবুজ জার্সি পরে মাঠে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি গণমাধ্যমে আসার পর ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী ক্রিকেটপ্রেমী ফারুক নজর, যিনি পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের জার্সি পরে খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে জার্সিটি ঢেকে রাখতে বলেন, যা পরে তিনি প্রত্যাখ্যান করে মাঠ ত্যাগ করেন।

ঘটনার একটি ভিডিও নজর নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, যেখানে দেখা যায় স্টেডিয়ামের এক নিরাপত্তাকর্মী অনুরোধ করছেন—“কন্ট্রোল থেকে নির্দেশ এসেছে, দয়া করে আপনি জার্সিটি ঢেকে রাখুন।” আরেকজন স্টুয়ার্ড জানান, জার্সিটি ‘জাতীয়তাবাদী প্রতীক’ হিসেবে বিবেচিত হতে পারে।

ভিডিওতে দেখা যায়, বারবার অনুরোধে ক্ষুব্ধ হয়ে পড়েন নজর। এক পর্যায়ে এক পুলিশ কর্মকর্তা এসে তাকে দর্শকসারির বাইরে গিয়ে আলাদা করে কথা বলতে বলেন।

ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং এর প্রেক্ষাপট ও বিস্তারিত জানার জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি।”

এমন একটি সময়ে ঘটনাটি ঘটলো, যখন ক্লাবটি ভারতীয় দর্শকদের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করছে। সম্প্রতি ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আরপিএসজি গ্রুপ ক্লাবের সঙ্গে বাণিজ্যিক চুক্তির আলোচনা করছে, যা এর পটভূমিতে নতুন মাত্রা যোগ করেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সম্পর্ক শীতল। সাম্প্রতিক সামরিক উত্তেজনা এ সম্পর্ক আরও তিক্ত করে তুলেছে, যার প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। ২০১২ সালের পর থেকে কোনো দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়নি, এবং টেস্ট ম্যাচ বন্ধ রয়েছে ২০০৭-০৮ মৌসুম থেকেই।

আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেও এখন নিরপেক্ষ ভেন্যুর প্রয়োজন হচ্ছে, যা দুই দেশের কূটনৈতিক অবস্থানকেই প্রতিফলিত করে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন