গাজার স্বাস্থ্য ব্যবস্থা ক্রমাগত সংকটে থাকার কারণে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের মধ্যে তীব্র অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সাহায্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস (এমএপি) সোমবার তাদের প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, স্থানীয় সহযোগী সংস্থা আর্দ আল ইনসান কর্তৃক পরিচালিত স্ক্রিনিং অনুযায়ী গর্ভবতী মায়েদের ৪৪ শতাংশ তীব্র অপুষ্টিতে ভুগছেন, যা গত মে মাসের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
এমএপি দক্ষিণ গাজার ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আলখাতিব বলেন, “মানবিক সংকট দিন দিন বাড়ছে, অপুষ্টিজনিত মৃত্যু বেড়েই চলেছে, যা শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বয়স্কদের মধ্যেও ধরা পড়ছে।”
তিনি আরও জানান, ২০ জুলাই ইসরায়েলি সেনাবাহিনীর বাস্তুচ্যুতির আদেশের পর দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মেডিকেল পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২০০ নারী ও শিশু এখন জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
এমএপি ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তা বাড়ানোর আবেদন জানিয়েছেন, যাতে গাজার স্বাস্থ্য সংকটের অবসান ঘটে।

