দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছে জেমস ক্যামেরনের সাড়া জাগানো বিজ্ঞান কল্পকাহিনি সিরিজ ‘অ্যাভাটার’। সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে সম্প্রতি। সেখানেই দেখা গেল—প্রাকৃতিক সৌন্দর্য ও সংঘাতময় উত্তেজনার এক নতুন জগতে পা রাখতে চলেছেন দর্শকরা।
প্যান্ডোরার রহস্যময় ভূখণ্ডে ফের দেখা যাবে মূল চরিত্র জ্যাক সুলি ও নায়তিরিকে। এবার তাদের পরিবার জড়িয়ে পড়েছে আরও বড় এক সংকটে। কেন্দ্রীয় দ্বন্দ্ব এবার ‘ছাই গোত্র’ ও তাদের নেত্রী ভ্যারাংকে ঘিরে। তিনি এক নিষ্ঠুর, ত্যাগী ও ক্ষমতাবান নারী নেত্রী—যিনি নিজের জাতির টিকে থাকার জন্য যাবতীয় আত্মবলিদান দিতেও পিছপা নন।
পরিচালক জেমস ক্যামেরন বলেন, “ভ্যারাং এমন একজন নেত্রী, যার সিদ্ধান্তগুলো আমাদের কাছে অমানবিক মনে হলেও, তা তার জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।”
ট্রেলারে আবেগঘন মুহূর্তের পাশাপাশি দেখা গেছে যুদ্ধের প্রস্তুতি, ভিন্ন ভিন্ন নাভি গোত্রের সংঘর্ষ এবং বায়ু বণিকদের আগমন। প্যান্ডোরার আকাশপথে চলাফেরা করা এই গোত্র নতুন মোড় আনবে গল্পে।
ছবিতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্দিংটন (জ্যাক সুলি), জো সালদানা (নায়তিরি), সিগোরনি উইভার, স্টিফেন ল্যাং, কেট উইন্সলেট, উনা চ্যাপলিন, ব্রিটেন ড্যালটন, ট্রিনিটি ব্লিসসহ আরও অনেকে।
চিত্রনাট্য লিখেছেন জেমস ক্যামেরন নিজে, সঙ্গে ছিলেন রিক জাফা ও অ্যামান্ডা সিলভার। গল্প গঠনে যুক্ত ছিলেন জশ ফ্রিডম্যান ও শেইন সালার্নো।
এপিক সায়েন্স-ফিকশন ও মন ছুঁয়ে যাওয়া পারিবারিক গল্পের মিশেলে তৈরি এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। একইদিনে বাংলাদেশেও এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, দেশের স্টার সিনেপ্লেক্সে।

