ইসলাম ধর্মে গরু, ছাগল, হাঁস, মুরগি কিংবা যে কোনো হালাল পশু-পাখি জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা আবশ্যক। কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কারভাবে বলা হয়েছে—আল্লাহর নাম ছাড়া জবাইকৃত পশু খাওয়া জায়েজ নয়।
সুরা আন’আমের ১২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন:
“আর যে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, তা তোমরা আহার করো না; নিশ্চয়ই তা গোনাহর কাজ।”
(সূরা আন’আম: আয়াত ১২১)
এই আয়াতের ব্যাখ্যায় ইসলামি চিন্তাবিদগণ বলেন—ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ জবাই করলে সে মাংস হারাম হয়ে যায়।
তবে যদি কোনো ব্যক্তি জবাইয়ের সময় ভুলবশত ‘বিসমিল্লাহ’ বলা ভুলে যান, তবে তা মাফযোগ্য এবং সেই পশু-পাখির মাংস খাওয়া জায়েজ।
হ্যাঁ, শুধু ‘বিসমিল্লাহ‘ বললেও জবাই শুদ্ধ হয়ে যায়। যদিও ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলা উত্তম ও মুস্তাহাব। আল্লাহর রাসুল (সা.) নিজেও এভাবেই জবাই করতেন।
সহিহ বুখারির একটি হাদিসে আনাস (রা.) বলেন:
“আল্লাহর রাসুল (সা.) দুটি ভেড়া জবাই করেছেন। তিনি পায়ের কাছে দাঁড়িয়ে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে নিজের হাতে জবাই করেন।”
(সহিহ বুখারি: ৫৫৫৮)
জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে পশুর মাথা সম্পূর্ণ আলাদা করা ইসলামী দৃষ্টিতে মাকরুহে তাহরিমি, অর্থাৎ খুবই অপছন্দনীয় এবং হারামের কাছাকাছি কাজ।
এছাড়া পশু নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো বা অতিরিক্ত যন্ত্রণা দেওয়া গুনাহর কাজ।
তবে অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে মাথা আলাদা হয়ে গেলে সে পশুর মাংস খাওয়া যাবে। এতে গুনাহ হবে না।

