রাজবাড়ীর পাংশায় ডলার ব্যবসাকে কেন্দ্র করে বাবু খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি—খোরশেদ সরদার ও শাহজাহান সরদার—আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত খোরশেদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরঙ্গল গ্রামের বাসিন্দা এবং শাহজাহান পটুয়াখালীর দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। নিহত বাবু খান শরীয়তপুর জেলার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসা সংক্রান্ত বিরোধে বাবুকে পাংশার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়ায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে এবং তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়।
এ বিষয়ে রাজবাড়ী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, “ঘটনাটি ক্লুলেস ছিল। তবে পুলিশ সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের শনাক্ত ও চার্জশিট প্রদান করে। আদালত দীর্ঘ শুনানির পর এই রায় দিয়েছেন।”

