রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, থাকছে তিন ধাপের প্রক্রিয়া

ডেস্ক রিপোর্ট।।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে আজ (৩০ জুলাই)। এবারও ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন—এই চার ধাপে সম্পন্ন হবে ভর্তি প্রক্রিয়া। আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত, আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

শিক্ষার্থীরা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে ২২০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দক্রম দেওয়া যাবে। শিক্ষার্থীর এসএসসি ফলাফল, কোটা ও পছন্দ অনুযায়ী একটি প্রতিষ্ঠান নির্ধারণ হবে।

নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা ফি দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর দুইবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

আবেদন ও ভর্তি প্রক্রিয়ার সময়সূচি

  • ১ম ধাপের আবেদন: ৩০ জুলাই – ১১ আগস্ট

  • ফল প্রকাশ: ২০ আগস্ট রাত ৮টা

  • নিশ্চায়ন: ২২ আগস্ট

  • মাইগ্রেশন ও ২য় ধাপের ফল: ২৮ আগস্ট

  • ৩য় ধাপের আবেদন: ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর

  • চূড়ান্ত ভর্তি: ৭ – ১৪ সেপ্টেম্বর

  • ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর

বিভাগ পরিবর্তনের সুযোগ

  • বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেকোনো বিভাগে আবেদন করতে পারবেন

  • মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা বিজ্ঞান বাদে বাকি বিভাগে আবেদন করতে পারবেন

  • মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরাও সাধারণ কলেজে আবেদন করতে পারবেন নির্ধারিত নিয়মে

এমপিওভুক্ত কলেজে ঢাকায় সর্বোচ্চ ফি ৫ হাজার টাকা, উপজেলা পর্যায়ে সর্বনিম্ন ১,৫০০ টাকা। নন-এমপিও কলেজে সর্বোচ্চ ফি ৮,৫০০ টাকা (ইংরেজি ভার্সন, ঢাকা)। সকল প্রতিষ্ঠানে নির্ধারিত ৩৩৫ টাকা সরকারি ফি বাধ্যতামূলক।

এ বছর ১৩ লাখের বেশি শিক্ষার্থী পাস করলেও, ৩৩ লাখের বেশি আসন রয়েছে বলে জানিয়েছে ব্যানবেইস। তবে ভালো কলেজে ভর্তির প্রতিযোগিতা থাকবে বলে সতর্ক করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. এহসানুল কবির।

তিনি বলেন, “সব শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত আসন রয়েছে। তবে যেসব কলেজে মান নেই অথচ ভর্তির আবেদন কম, সেগুলোর পাঠদান অনুমোদন বাতিল করার উদ্যোগ নেওয়া হবে।”

ওয়েবসাইট: xiclassadmission.gov.bd
সাহায্য: শিক্ষা বোর্ড হেল্পলাইন বা নিকটবর্তী কলেজে যোগাযোগ করুন

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন