বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ সবসময় স্পষ্টভাষী এবং খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন—পুরুষতন্ত্র শুধু নারীদেরই নয়, অনেক সময় পুরুষদেরও ক্ষতিগ্রস্ত করে।
ফাতিমা বলেন, “বিষাক্ত সম্পর্কে পুরুষরাও আটকে থাকেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে যদি তারা নিজেদের অনুভূতির কথা বলেন, তখন সমাজ তাদের উপহাস করে। কারণ আমাদের সমাজেই শেখানো হয়, পুরুষদের কাঁদা উচিত নয়।”
তিনি মনে করেন, এই ধারণাটিও পুরুষতন্ত্রের একটি দিক, যা নারী-পুরুষ উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আপ জ্যায়সা কোই’ ছবিতে এক প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা, যেখানে তার বিপরীতে ছিলেন আর. মাধবন। ছবির বিষয়বস্তু নিয়েও কথা বলেন তিনি।
“সম্পর্কে সমতা খুবই গুরুত্বপূর্ণ,” বলেন ফাতিমা। “আমি নারী হিসেবে নিজেকে বদলাতে চাই না, আর আমার সঙ্গীকেও তার পুরুষত্ব ত্যাগ করতে বলবো না। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একে অপরের বৈশিষ্ট্যকে সম্মান করতে হয়।”
এই অভিনেত্রী আরও বলেন, “আমরা যে কারণে একজনকে ভালোবাসি, সম্পর্কের ভেতরে গিয়ে সেই স্বাতন্ত্র্য নষ্ট করে ফেললে ভালোবাসাও টেকে না।”

