বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“ফ্যাসিবাদী অপশক্তি ওঁত পেতে আছে, অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে” — তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ফ্যাসিবাদী অপশক্তি রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওঁত পেতে রয়েছে।” তিনি অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান।

বুধবার (৩০ জুলাই) ঢাকার আশুলিয়ায় জেলা বিএনপির জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “শত শহীদের রক্তের বিনিময়ে ত্যাগ করা ফ্যাসিবাদী শক্তি আজ আবারও সুযোগ খুঁজছে। অন্তর্বর্তী সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্রের উত্তরণকে সংকটে ফেলতে পারে। এতে করে দেশে উগ্রবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, গত বছরের জুলাইয়ে আশুলিয়ায় শ্রমিকদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছিল, যা এক ধরনের গণহত্যারই নামান্তর। তার ভাষায়, “শ্রমিকদের হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল। এমন নির্মমতা ইতিহাসে বিরল।”

বিএনপি নেতা মনে করেন, গত বছরের আন্দোলনে অংশ নেওয়া শ্রমজীবী মানুষেরা কোনো চাকরি বা ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছিলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি চায় প্রতিটি নাগরিক নিজে তার রাজনৈতিক মত প্রকাশ করতে পারুক, নিজের ভোট নিজে দিতে পারুক এবং সরকার গঠনে অংশ নিতে পারুক। জনগণের এই ক্ষমতায়নই একটি টেকসই গণতন্ত্রের ভিত্তি।”

তিনি আরও বলেন, “নির্বাচনই জনগণের রাজনৈতিক শক্তি প্রয়োগের প্রধান মাধ্যম। তাই স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জনগণের ভোটে সরকার গঠন নিশ্চিত করতে হবে।”

তারেক রহমানের ভাষায়, জনগণকে শক্তিশালী করলেই রাষ্ট্র, রাজনীতি ও সরকার প্রকৃত অর্থে টেকসই হবে। আর তবেই কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না কিংবা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে বিশ্বাস করে। দলটি মনে করে, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নই শহীদদের রক্তের প্রতি প্রকৃত সম্মান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন