বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত: “শান্তি রক্ষায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ”

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক এখন শুধু কৌশলগত প্রশিক্ষণে সীমাবদ্ধ নয়, বরং তা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের অংশ হয়ে উঠছে—এমন ইঙ্গিত দিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

বুধবার (৩০ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে ‘টাইগার লাইটনিং’ মহড়ার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন,

“বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘ শান্তিমিশনে কেবল শীর্ষ পর্যায়ের অংশগ্রহণকারীই নয়, বরং বিশ্বমানের প্রশিক্ষণ ও পেশাদারিত্বের একটি উজ্জ্বল উদাহরণ।”

তিনি জানান, বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ১,৮০০ নারী শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে কর্মরত, যা বিশ্বের মধ্যে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।

‘টাইগার লাইটনিং’ যৌথ মহড়াকে একটি “প্রতীকী প্রতিশ্রুতি” উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন,

“এই মহড়া কেবল সামরিক প্রশিক্ষণ নয়, বরং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি আমাদের দুই দেশের কৌশলগত অঙ্গীকারের প্রতিফলন।”

এ সময় তিনি আরও জানান, বর্তমানে ‘টাইগার শার্ক’ নামে স্পেশাল ফোর্স ও নৌবাহিনীর মহড়া এবং বছর শেষে বিমানবাহিনীর সঙ্গে ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়াও অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকরা বলছেন, এই সামরিক সহযোগিতা কেবল দ্বিপক্ষীয় নয়, বরং যুক্তরাষ্ট্রের বৃহৎ কৌশলগত পরিকল্পনার অংশ, যার অন্যতম লক্ষ্য হলো ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব প্রতিহত করা।

বিশেষজ্ঞ মত অনুযায়ী, বাংলাদেশ যদি এই অঞ্চলে “নিরপেক্ষ কিন্তু সক্রিয় অংশীদার” হিসেবে নিজেদের অবস্থান জোরদার করে, তবে তা আঞ্চলিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন