খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন বিপর্যস্ত। যানবাহন চলাচলের অনুপযোগী এই সড়কের কারণে এলাকাবাসীসহ প্রতিদিন হাজার হাজার যাত্রী ও চালক সীমাহীন দুর্ভোগে পড়ছে।
বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ সড়ক ও জনপথ বিভাগের খুলনা অফিসে স্মারকলিপি প্রদান করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, “দীর্ঘদিন ধরেই সড়কটির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বিশেষ করে বটতলা বাজার এলাকার এই অংশটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এখন সময় হয়েছে দ্রুত সংস্কার কাজ শুরু করার।”
সড়ক ও জনপথ বিভাগের খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, “বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে বৃষ্টি কমলে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে। গতকালও ইট পাঠানো হয়েছে মেরামতের জন্য।”
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির (কেডিএস) চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং অন্যান্য স্থানীয় নেতারা।

