রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

“বিশ্বাসঘাতকতা থেকে শিখেছি” ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা বাঁধন

ডেস্ক রিপোর্ট।।

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে আলোচনায় এসেছেন। সম্প্রতি দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা উল্লেখ করে জানান, কষ্ট, অপমান এবং বিশ্বাসঘাতকতা থেকেই তিনি জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো পেয়েছেন।

স্ট্যাটাসে বাঁধন জানান, মেয়ের অভিভাবকত্ব মামলা চলাকালীন সময় তার সাবেক স্বামীর বিরুদ্ধে তীব্র অভিযোগ ও আক্ষেপ রয়েছে তার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা গল্প ছড়ানো হয়েছিল, আমাকে ‘খারাপ মা’ ও ‘লজ্জাহীন নারী’ প্রমাণের চেষ্টা হয়েছিল। এমনকি একজন ফটোসাংবাদিকও এতে জড়িত ছিলেন, যিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও কাজ করেন।”

তিনি আরও লেখেন, “সবচেয়ে কষ্ট পেয়েছি যাদের আপন ভাবতাম, তাদের নীরবতায়। সেই সময় কিছু সাংবাদিক বন্ধু এবং অচেনা শুভাকাঙ্ক্ষী ছাড়া কেউ পাশে দাঁড়ায়নি।”

সেই কঠিন সময়ে এক ঘনিষ্ঠ বন্ধুর স্বামীর পরামর্শে বাঁধন দুটি পথের সামনে দাঁড়িয়েছিলেন—প্রতিশোধ নাকি মর্যাদার নীরবতা। তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। বলেন, “এই নীরবতা ও আত্মনিয়ন্ত্রণই আমাকে সত্যিকারের শক্তি দিয়েছে। আমি কারও ঘৃণায় ডুবে না গিয়ে নিজেকে সম্মানের জায়গায় রেখেছি।”

বাঁধনের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই তার সাহসিকতা ও সংবেদনশীল প্রকাশের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন