বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফিলিস্তিনকে স্বীকৃতির পর ট্রাম্পের হুঁশিয়ারি: ‘ওহ্ কানাডা, বাণিজ্য চুক্তি এখন কঠিন’

ডেস্ক রিপোর্ট।।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশংসিত হলেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হয়েছে কানাডা। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, “ওয়াও! কানাডা এখন ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের জন্য তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা কঠিন করে তুলবে। ওহ্ কানাডা!”

ট্রাম্পের এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন ‘লিবারেশন ডে ট্যারিফ’ নামে একটি নতুন আমদানি শুল্ক ব্যবস্থা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ শুল্ক কাঠামোর আওতায় যেসব দেশের সঙ্গে এখনো বাণিজ্য চুক্তি হয়নি, তাদের পণ্যের ওপর শুল্ক বসানো হবে ৩৫ শতাংশ পর্যন্ত।

আগামী ১ আগস্টের মধ্যে চুক্তি না হলে, কানাডাসহ বেশ কয়েকটি দেশের পণ্য এই উচ্চ শুল্কের আওতায় পড়বে। যদিও যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে, তবুও কানাডার সঙ্গে সমঝোতা এখনো অনিশ্চিত।

কানাডা বলেছে, তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক শান্তির প্রতি নিজেদের দায়বদ্ধতা পালন করছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও ফ্রান্সও সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে গাজা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অপুষ্টিজনিত কারণে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন।

ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে বলেন, “গাজায় মানুষের দুঃখ-দুর্দশা বাস্তব। আমরা ইসরায়েলের সঙ্গে মিলে সব কিছু ঠিক করতে চাই।” তাঁর ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ বর্তমানে তেল আবিবে অবস্থান করছেন এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের মন্তব্য শুধু একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং সাম্প্রতিক ট্যারিফ নীতির চাপ প্রয়োগের একটি কৌশলও। আর ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে পরিবর্তিত হলেও, যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো স্পষ্টভাবে ইসরায়েল ঘেঁষা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন