বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আ.লীগ ষড়যন্ত্রে মেজর সাদেকের সম্পৃক্ততা, মেজর সাদেকুল হকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

ডেস্ক রিপোর্ট।।

আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদেকুল হক সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এরপর ১৭ জুলাই রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে মেজর সাদেককে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

আইএসপিআর জানায়, “অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এজন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

মেজর সাদেকের কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগেও পৃথক একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে কমান্ড দায়িত্ব ও দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক, পেশাদার এবং শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। কোনো সদস্যের রাজনৈতিক সংশ্লিষ্টতা বরদাস্ত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সেনা সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গত ২৮ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু নেতা-কর্মী দেশজুড়ে নাশকতার ছক কষছিলেন। অভিযোগ অনুযায়ী, মেজর সাদেকুল হক এই নাশকতামূলক প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন।

ভাটারা, মিরপুর, পূর্বাচলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অন্তত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে মেজর সাদেকের নাম উঠে আসে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন