রাজধানীর ভাটারা থানার একটি কনভেনশন হলে আয়োজিত ‘ষড়যন্ত্রমূলক বৈঠক’ নিয়ে তদন্তে গতি এনেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আগস্ট মাস ঘিরে দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ৮ জুলাই ভাটারায় এক কনভেনশন হলে বৈঠক চলাকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আটক করা হয়। বৈঠকটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও নাশকতার পরিকল্পনাকেন্দ্রিক বলে পুলিশ ধারণা করছে।
ওই বৈঠকে সেনাবাহিনীর সাবেক মেজর সাদিকুল হকের অংশগ্রহণের অভিযোগ ওঠায় তাকে সাময়িক হেফাজতে নেয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করে প্রকৃত উদ্দেশ্য ও পৃষ্ঠপোষকদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন তারা।
আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে কিনা—এমন প্রশ্নে ডিসি তালেবুর বলেন, “বর্তমানে রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগস্টকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। আমরা গোয়েন্দা নজরদারি ও রুটিন চেক বাড়িয়েছি।”
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে ২৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে মাদকদ্রব্য, মোবাইল, মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার।
তালেবুর রহমান স্পষ্ট করেন, “আমরা কাউকে ঢালাওভাবে গ্রেপ্তার করছি না। প্রতিটি গ্রেপ্তার তথ্য ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে করা হচ্ছে।”

