বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

তালেবানি স্টাইলে আর ভোট হবে না: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট।।

দেশে আবারও ‘একতরফা নির্বাচনের’ ছক তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে এক সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তালেবানি স্টাইলে আর ভোট হবে না। জনগণ যদি চায়, তারা তা রুখে দিতে প্রস্তুত আছে।”

এই সমাবেশটি আয়োজিত হয়েছিল ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে।

মির্জা আব্বাস বলেন, “পিআর পদ্ধতি, অনুপাতিক ভোট এসব জনগণের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দিতে শেখান। ভোটের নামে নতুন নাটক করলে তা আর টিকবে না।” তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সরকারের পৃষ্ঠপোষকতায় একটি ষড়যন্ত্র চলছে।

আন্দোলনে ভয় না পাওয়ার কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, “আমরা ১৭ বছর আন্দোলন করেছি, প্রয়োজনে আরও ১৭ বছর করব। দমন-পীড়ন, গ্রেপ্তার—এসব দিয়ে আর বিএনপিকে থামানো যাবে না।”

তিনি আরও বলেন, “যারা এক সময় ভাত খেতে পারত না, আজ তারা কোটি টাকার মালিক। আমরা জানতে চাই, এত টাকা তারা কোথায় পেল?”

মির্জা আব্বাসের মতে, দেশের প্রধান সংকট এখন গণতন্ত্রের অনুপস্থিতি। “এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা। বিএনপি সেই লক্ষ্যেই মাঠে আছে,”—যোগ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মহানগর নেতা নবী উল্লাহ নবী, লিটন মাহমুদ এবং ইশরাক হোসেনসহ আরও অনেকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন