মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় কুয়ানতান শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইস্ট কোস্ট হাইওয়ের পাশে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম ‘দ্য স্টার’-এর বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন গাড়িচালক সাব্বির হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)—তাঁরা সবাই বাংলাদেশি।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই বাংলাদেশি—হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। তাদের মালয়েশিয়ার টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান,
“গাড়িটি টয়োটা অ্যাভাঞ্জা মডেলের ছিল। চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। পাশাপাশি গাড়ির রোড ট্যাক্স গত মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়।”
পুলিশ জানিয়েছে, গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে গাড়িটি হাইওয়ের বাঁ পাশে গিয়ে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়।
নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ফরেনসিক তদন্ত শুরু করেছে মালয়েশিয়া পুলিশ।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

