লিওনেল মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন চেউকো এবার মাঠের বাইরে। লিগস কাপে ইন্টার মিয়ামির ম্যাচে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের অভিযোগে তাকে টুর্নামেন্টের বাকি সময়ের জন্য টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করেছে আয়োজক কমিটি।
৩০ জুলাই ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ শেষে মেসির দেহরক্ষী চেউকো মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের আলোচনায় জড়ান এবং শারীরিক ধাক্কাধাক্কিতে লিপ্ত হন বলে অভিযোগ উঠেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন ছাড়া টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ করে তিনি অশোভন আচরণ করেছেন।
ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, সংশ্লিষ্ট এই ক্লাব প্রতিনিধিকে (যদিও নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্র মতে তিনি চেউকো) বাকি টুর্নামেন্টে টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মিয়ামি ক্লাবকে আর্থিক জরিমানা গুনতে হচ্ছে।
এ বিষয়ে অ্যাটলাসের ডিফেন্ডার মাথেউস ডোরিয়া বলেন, “মেসির নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। তবে খেলোয়াড়দের মধ্যকার পরিস্থিতিতে নিরাপত্তাকর্মীর হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”
এটি প্রথম নয়—চেউকো আগেও এমএলএস ম্যাচ চলাকালীন সাইডলাইনে উপস্থিতির কারণে সতর্কতার মুখে পড়েছিলেন।

