বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রোববার ঢাকার শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী এলাকায় সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ডেস্ক রিপোর্ট।।

রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিকে কেন্দ্র করে আগামীকাল রোববার ঢাকার শাহবাগ, শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শহরবাসীকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ‘ছাত্রদলের ছাত্র সমাবেশ’, ‘জাতীয় নাগরিক পার্টির জনসভা’ এবং ‘সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে রাখা হবে।

যেসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে:

  1. শাহবাগ মোড়

  2. কেন্দ্রীয় শহীদ মিনার

  3. সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক

ডিএমপি নিম্নলিখিত পথগুলো ব্যবহার করার অনুরোধ জানিয়েছে:

  1. হেয়ার রোড/মিন্টু রোড:
    বাংলামোটর/সোনারগাঁও ক্রসিং হয়ে যাওয়া যানবাহনকে শাহবাগ এড়িয়ে হেয়ার রোড অথবা মিন্টু রোড ব্যবহার করতে বলা হয়েছে।

  2. কাঁটাবন মোড়:
    সায়েন্সল্যাব হয়ে আসা যানবাহন কাঁটাবন মোড়ে ডানে ঘুরে নীলক্ষেত বা বামে গিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড ব্যবহার করতে বলা হয়েছে।

  3. মৎস্য ভবন মোড়:
    কদম ফোয়ারা থেকে আগত যানবাহন হেয়ার রোড ও মনসুর আলী সরণির দিক ব্যবহার করবে। অন্যদিকে, কাকরাইল দিক থেকে আসা যানবাহন হাইকোর্ট হয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে।

  4. টিএসসি/রাজু ভাস্কর্য এলাকা:
    দোয়েল চত্বর ও নীলক্ষেত থেকে আসা যানবাহনকে বিকল্প রুট ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।

  5. সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশপথ:
    ১–৪ আগস্ট পর্যন্ত ‘জুলাই জাগরণ’ নামের সাংস্কৃতিক উৎসব চলায় উদ্যান সংলগ্ন এলাকায়ও যানচাপ বেশি থাকবে। এই এলাকা পরিহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

রোববার দিনব্যাপী একাধিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে, যার মধ্যে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষাও রয়েছে। ডিএমপি পরীক্ষার্থীদের সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ জানিয়েছে, যাতে কোনো যানজটের কারণে কেউ কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব না করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন