সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

অবহেলিত উপসর্গে লুকিয়ে ক্যানসার: সচেতন না হলে বিপদ বাড়বে

ডেস্ক রিপোর্ট।।

প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে ক্যানসার এখন আর অতটা ভয়াবহ নয়—বলছেন চিকিৎসকরা। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা অনেকেই শরীরের কিছু সাধারণ উপসর্গকে অবহেলা করি। এই অবহেলাই হতে পারে মারাত্মক পরিণতির কারণ।

যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থার এক জরিপ বলছে, অর্ধেকের বেশি মানুষ জীবনে অন্তত একবার এমন উপসর্গ অনুভব করেছেন, যেগুলো ক্যানসারের সতর্ক সংকেত হতে পারত। কিন্তু মাত্র ২ শতাংশ মানুষ বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ডা. ক্যাটরিনা হুইটেকার বলেন, “অনেকেই মনে করেন ছোট উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া সময় নষ্ট কিংবা অপ্রয়োজনীয়। কিন্তু এসবই হতে পারে ভবিষ্যতের বড় বিপদের ইঙ্গিত।”

বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, চিকিৎসা বিশেষজ্ঞরা কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ উপসর্গের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। এদের মধ্যে কয়েকটি হলো:

1. কারণ ছাড়া ওজন কমে যাওয়া
2. দীর্ঘস্থায়ী ক্লান্তি ও জ্বর
3. ত্বকে অস্বাভাবিক পরিবর্তন
4. কোষ্ঠকাঠিন্য বা মূত্রের অভ্যাসে হঠাৎ পরিবর্তন
5. যে ক্ষত সহজে ভালো হয় না
6. গলার কণ্ঠস্বরে পরিবর্তন বা গিলতে কষ্ট
7. অস্বাভাবিক রক্তপাত

এ বিষয়ে মত দিয়েছেন জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের অনকোলজিস্ট ডা. সানজিদা রহমান। তিনি বলেন, “এই উপসর্গগুলো ক্যানসারের সঙ্গে সম্পর্কিত না-ও হতে পারে। কিন্তু দীর্ঘদিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আগে ধরা পড়লে চিকিৎসায় সাফল্যের সম্ভাবনা অনেক বেশি।”

বিশেষজ্ঞরা আরও বলছেন, সময় মতো চিকিৎসা শুরু করা গেলে অনেক ক্যানসারই এখন নিয়ন্ত্রণযোগ্য এবং নিরাময়যোগ্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন