বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৫ অথবা ৮ আগস্ট ভাষণে নির্বাচনের সময়সূচি ঘোষণার সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরকারি সূত্রে জানা গেছে, আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া একটি টেলিভিশন ভাষণে তিনি এই ঘোষণা দিতে পারেন।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ৫ আগস্টেই ভাষণ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঐতিহাসিকভাবে এদিনটি ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন হিসেবেও গুরুত্বপূর্ণ। অন্যদিকে ৮ আগস্ট গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

সরকারি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রধান উপদেষ্টা সম্ভবত সরকারের গঠনকালীন দিনকে নয়, গণআন্দোলনের সফলতার দিনটিকেই বেছে নিচ্ছেন ভাষণের জন্য। এতে জনগণের সঙ্গে একটি প্রতীকী সংযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।”

সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। একই দিন ভাষণের মাধ্যমে নির্বাচনকালীন রূপরেখা ও সময়সূচি জানিয়ে দেবেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আহ্বান জানাবেন বলেও জানানো হয়েছে।

গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক সংলাপে ড. ইউনূস বলেন, “নির্বাচনের নির্দিষ্ট সময় শিগগিরই জানানো হবে।” সংলাপ শেষে ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার জানান, “আগামী চার-পাঁচ দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা সময়সূচি দেবেন—এমনটিই তিনি বলেছেন।”

ড. ইউনূস এর আগে কয়েক দফা সম্ভাব্য নির্বাচনকাল সম্পর্কে আভাস দেন। ৯ জুলাই আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বলেন, ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে। নির্বাচন হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে। আর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি বলেন, রমজানের আগেই নির্বাচন শেষ করতে চান তিনি।

সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন অপেক্ষা চলছে প্রধান উপদেষ্টার ভাষণের দিকে। ভাষণে নির্বাচনের তারিখ, তফসিলের সম্ভাব্য সময়, নির্বাচনকালীন নীতিমালা ও প্রশাসনের ভূমিকা নিয়ে স্পষ্ট বার্তা আসবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন