জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই, বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা জাতীয় নাগরিক পার্টির নাম ব্যবহার করে কেউ যদি অসাধু বা বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
শনিবার রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনটি আয়োজিত হয় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই মাসজুড়ে পালিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপনী ঘোষণা উপলক্ষে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা দলের ভেতরে যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। একইসঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকেও আহ্বান জানাই, যাতে কেউ আমাদের নাম বিক্রি করে অপকর্ম করতে না পারে।”
তিনি আরও জানান, আজ রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’র আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সমাবেশে “নতুন বাংলাদেশের ইশতেহার” ও “জুলাই সনদ” উপস্থাপন করা হবে।
নাহিদ বলেন, “গত বছরের ৩ আগস্ট আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা ঘোষণা দিয়েছিলাম। এই সমাবেশ সেই ঘোষণার বর্ষপূর্তির অংশ। আমরা চাই, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে আগামী নির্বাচন তার ভিত্তিতেই হোক।”
সমাবেশ ঘিরে জনভোগান্তির বিষয়ে তিনি বলেন, “এইচএসসি পরীক্ষা এবং ছাত্রদলের পূর্বনির্ধারিত সমাবেশের বিষয়টি মাথায় রেখেই আমরা সময় পরিবর্তন করেছি। ছাত্রদল আমাদের অনুরোধে তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”
এনসিপি দাবি করেছে, এই সমাবেশে সারাদেশ থেকে প্রায় এক লাখ মানুষ অংশ নেবে। ইতোমধ্যে শহীদ মিনার এলাকায় মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন, আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।

