ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরকে ঘিরে উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে। সফররত প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্স (সাবেক টুইটার)-এ বলেন, “এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”
শাহবাজ শরিফ আরও লেখেন, “আমার ভাই, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই সফরে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যা পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান ও ইরান দুটি দেহে এক আত্মা। এই সম্পর্ক ইতিহাস ও ভ্রাতৃত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত।”
সফরকালে দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতা—এমন নানা ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে ইসলামাবাদ ও তেহরানের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হবে।

