গাজা উপত্যকায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান ইয়াল জামির। তিনি জানান, আলোচনার মাধ্যমে বন্দিমুক্তি সম্ভব না হলে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
শনিবার (২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গাজায় এখনো ৪৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, যাদের মধ্যে মাত্র ২২ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। সেনাপ্রধান ইয়াল জামির বলেন, “আমি মনে করি, আমরা খুব শিগগিরই জানতে পারব—জিম্মিদের মুক্তির কোনো চুক্তি সম্ভব কি না। যদি তা সম্ভব না হয়, তাহলে যুদ্ধ থামবে না।”
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, গাজার বেইত হানুন এলাকায় হামাসের সদস্যরা আত্মসমর্পণ করেছে। প্রমাণ হিসেবে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি ভিডিও ও ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায়—ধ্বংসস্তূপের মধ্য থেকে তিনজন পুরুষ বেরিয়ে এসে হাঁটু গেঁড়ে বসে আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উঁচু করে আছেন। তাদের অন্তর্বাস পরা অবস্থাও ভিডিওতে দেখা যায়।
কাটজ দাবি করেন, “তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছে এবং আমাদের বাহিনী মাটির ওপরে ও নিচে উভয় জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।”
শনিবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় অন্তত ২৪ জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ এখনো সার্বিক হিসাব সম্পন্ন হয়নি।

