জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষ থেকে সাধারণ ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
তবে কিছু ব্যতিক্রম থাকছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (সনদ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই নিয়মের বাইরে থাকবেন।
রোববার (৩ আগস্ট) এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশে জানানো হয়, আগামী ৪ আগস্ট থেকে অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হবে। নির্ধারিত ওয়েবসাইট: www.etaxnbf.gov.bd
পেপারে রিটার্ন দিতে চাইলে শর্ত
যারা বিশেষ ছাড়প্রাপ্ত নন কিন্তু অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ, তারা যুক্তিসহ আবেদন করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের মাধ্যমে যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনারের অনুমোদন নিয়ে ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর বলছে, ডিজিটালাইজেশন ও কর ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

