বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ছাত্রদলকে রুখে দেওয়ার শক্তি কারও নেই— শাহবাগে সমাবেশে হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

ডেস্ক রিপোর্ট।।

রাজনৈতিক উত্তাপের মধ্যে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের বিশাল ছাত্র সমাবেশে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘোষণা দিয়েছেন, “ছাত্রদলকে আর কেউ ঠেকাতে পারবে না। প্রয়োজনে দেশের প্রতিটি সড়কে অবরোধ গড়বে ছাত্রদল।”

বিএনপির মাসব্যাপী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সমাবেশে।

রাকিব বলেন, “যারা দেশে ষড়যন্ত্র করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, ছাত্রদল তাদের বিষদাঁত উপড়ে ফেলবে। তারেক রহমানের নির্দেশে ছাত্রদল সারাদেশে অবরোধ বাস্তবায়নের জন্য প্রস্তুত।”

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সমাবেশস্থলে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে। শাহবাগ মোড় থেকে কাঁটাবন, মৎস্য ভবন এবং চারুকলা চত্বর পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মিছিল, স্লোগান আর পতাকায় মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

ছাত্রদলের সাবেক ও বর্তমান শীর্ষ নেতারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই যুবশক্তিই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বড় হাতিয়ার হয়ে উঠবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন