বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৭৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট।।

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণাবেক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ৭ হাজার ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে,
জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানে উন্নয়ন কাজ বরাদ্দ দেন। এর মাধ্যমে সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে।

এর আগেও ২০২২ সালের ডিসেম্বরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৫৬৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগে দুদক তদন্ত শুরু করে। সে সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাঁর ও পরিবারের নামে থাকা ৩২টি ব্যাংক হিসাব জব্দ করে, যেখানে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।

২০১৮ সালে মেয়র নির্বাচিত হওয়া জাহাঙ্গীর আলম ২০২১ সালের নভেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। পরে ২০২৩ সালের জানুয়ারিতে সাময়িক অব্যাহতি শেষে সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইলেও দলীয় মনোনয়ন পাননি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন