বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশকে হালাল পণ্যের আঞ্চলিক কেন্দ্র গড়তে সরকারের লক্ষ্য: বিডা চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হালাল পণ্যের আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

রবিবার রাজধানীর একটি হোটেলে ‘হালাল ইকোনমি ৩৬০: ড্রাইভিং গ্লোবাল গ্রোথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত এ অনুষ্ঠানে হালাল অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, “বিশ্বের অধিকাংশ হালাল পণ্য অমুসলিম দেশগুলো উৎপাদন করে, যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য একটি সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই। বাংলাদেশ এখন সেই ঘাটতি পূরণে প্রস্তুত।”

তিনি জানান, হালাল পণ্য উৎপাদনের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে সরকার ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন