আবারও ইনজুরির শিকার ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে মাত্র ১১ মিনিট খেলার পরই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন সুপারস্টারকে। ইনজুরির পর তার মাঠে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
রবিবার রাতে মায়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগস কাপের ম্যাচে নেক্সাকার মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে পড়ে যান মেসি। সঙ্গে সঙ্গে চোট পান ডান পায়ে। পড়ে গিয়ে হতাশায় মাঠে হাত দিয়ে আঘাত করেন তিনি। এরপর ১১ মিনিটের মাথায় মাঠ ছাড়েন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান।
ইন্টার মিয়ামির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মেসির ডান পায়ে হালকা পেশির চোট ধরা পড়েছে। তবে তার মাঠে ফেরার সময়সীমা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় শরীর কেমন সাড়া দেয়, তার ওপর নির্ভর করবে সব কিছু।
ক্লাবের ভাষ্য, “নেক্সাকার বিপক্ষে খেলাকালীন মেসি ডান পায়ে অস্বস্তি অনুভব করেছিলেন। স্ক্যান ও পরীক্ষায় দেখা গেছে, সেখানে হালকা মাত্রার পেশি চোট রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণেই থাকবেন তিনি।”
ম্যাচ শেষে ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাচেরানো বলেন, “মেসির চোট গুরুতর মনে হয়নি। সে অল্প ব্যথা অনুভব করছিল, তবে কোনো ঝুঁকি না নিয়ে আমরা দ্রুতই মাঠ থেকে তুলে নিই।”
প্রসঙ্গত, ম্যাচটিতে ইন্টার মিয়ামি শেষ মুহূর্তে জর্দি আলবার গোলে সমতা ফেরায় (২-২)। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।

