বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাই শহীদের তালিকা থেকে বাদ পড়লেন যারা

ডেস্ক রিপোর্ট।।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়া আটজনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তদন্তে দেখা গেছে, শহীদদের তালিকায় নাম ওঠাতে দেওয়া হয়েছিল বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য। এতে ‘শহীদ’ পরিচয়ে আর্থিক ও সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করছিলেন স্বজনরা।

রবিবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা প্রজ্ঞাপন জারি করে জানায়, সংশ্লিষ্টদের গেজেট বাতিল করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায়।

যাদের নাম বাতিল হয়েছে:

  1. মো. খলিলুর রহমান তালুকদার (টাঙ্গাইল, গেজেট নম্বর ২২৯)

  2. মুসলেহ উদ্দিন (ঢাকা, গেজেট নম্বর ২২৪)

  3. জিন্নাহ মিয়া (নরসিংদী, গেজেট নম্বর ৩৭৫)

  4. শাহ জামান (দৌলতখান, ঢাকা, গেজেট নম্বর ৬১১)

  5. মো. রনি (সাভার, গেজেট নম্বর ৭৬৬)

  6. তাওহিদুল আলম জিসান (নারায়ণগঞ্জ, গেজেট নম্বর ৮১৮)

  7. বশির সরদার (পটুয়াখালী, গেজেট নম্বর ৮২৩)

  8. বাঁধন (শরীয়তপুর, গেজেট নম্বর ৮৩৬)

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “তদন্তে উঠে এসেছে, এসব পরিবারের কেউই শহীদ হননি। বরং প্রমাণ ছাড়া কিছু পুরোনো কাগজপত্র ও ‘স্থানীয় সুপারিশ’ দিয়ে ভুয়া পরিচয়ে শহীদ স্বীকৃতি আদায় করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার উদ্দেশ্যেই এসব আবেদন করা হয়েছিল। প্রমাণ মিলতেই গেজেট বাতিল করা হয়।”

সূত্র জানিয়েছে, ইতোমধ্যে প্রাপ্ত সুবিধাগুলোর হিসাব চেয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। যাচাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সরকার এখন পর্যন্ত ৮৪৪ জন জুলাই শহীদকে স্বীকৃতি দিয়েছে। পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকা অনুদান, মাসিক ২০ হাজার টাকা ভাতা, সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং পুনর্বাসনের সুবিধা দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক আমলা মাহবুব হাসান বলেন, “এই ঘটনায় প্রমাণ হয়েছে, যাচাই-বাছাই না করে গেজেট প্রকাশ কতটা বিপজ্জনক। শহীদের নামের পবিত্রতা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ দরকার।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন