সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তারুণ্যের উৎসবে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

ডেস্ক রিপোর্ট।।

‘তারুণ্যের উৎসব ২০২৫’ সফলভাবে উদযাপন নিশ্চিত করতে দেশের সব ব্যাংককে নিজ নিজ ব্যানারে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের পাঠানো নির্দেশনায় শোভাযাত্রায় অংশ নিতে নির্ধারিত সংখ্যক কর্মকর্তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গত ৩ আগস্ট এ–সংক্রান্ত চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আগামী মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নভোথিয়েটার–বিজয় সরণি–তেজগাঁও এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ। কর্মসূচিটি দুপুর ১টা থেকে শুরু হবে।

চিঠিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ অন্যান্য সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে ব্যাংকগুলোকে নিজস্ব ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি ঢাকার প্রধান কার্যালয় ও শাখা থেকে নির্ধারিত সংখ্যক কর্মকর্তাকে উপস্থিত করতে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠি পাওয়ার পর থেকেই বিভিন্ন ব্যাংকে শুরু হয়েছে প্রস্তুতি। অনেক ব্যাংক এরই মধ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শোভাযাত্রার জন্য ব্যানার তৈরি করেছে এবং প্রতিনিধি দল গঠন করেছে।

একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,

“বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আমাদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শোভাযাত্রায় অংশ নেবে।”

‘তারুণ্যের উৎসব ২০২৫’ হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি উদ্যোগ, যার লক্ষ্য দেশের তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং উদ্যমী প্রজন্মকে উৎসাহিত করা। কর্মসূচির আওতায় নানা সাংস্কৃতিক, ক্রীড়া ও সচেতনতামূলক আয়োজন করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে শোভাযাত্রায় সব ব্যাংকের অংশগ্রহণ নিশ্চিত করতে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি–বেসরকারি সব প্রতিষ্ঠানে জোর প্রস্তুতি চলছে এই আয়োজন সফল করতে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন