বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রি-ইলেকশন টিম

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রি-ইলেকশন পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দলটি ঢাকায় পা রাখবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, “ইইউ-এর একটি সাত সদস্যের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করবে। এর মধ্যে তিনজন থাকবেন বিদেশি এবং চারজন স্থানীয় পর্যবেক্ষক।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন কমিশন এই তথ্য পেয়েছে বলে জানান ইসি সচিব। তবে দলটি কবে থেকে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করবে এবং তারা কোন কোন এলাকা ঘুরে দেখবে—সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো কমিশনের হাতে আসেনি।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, এই পর্যবেক্ষণ দল নির্বাচনের সার্বিক পরিবেশ, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে একটি প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন দেবে। তাদের পর্যবেক্ষণ মূল্যায়নের ওপর ভিত্তি করে ইইউ ভবিষ্যতে পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সে সিদ্ধান্ত নেবে।

এর আগে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠিয়ে সীমিত আকারে কূটনৈতিক পর্যবেক্ষণ পরিচালনা করেছিল। এবার তারা আগেভাগেই প্রস্তুতি পর্যালোচনায় আগ্রহী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের এই সফর দেশের নির্বাচন প্রক্রিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন