রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ব্যবসা শুরু করলেন মেহজাবীন

ডেস্ক রিপোর্ট।।

শোবিজ অঙ্গনে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার পা রেখেছেন ভিন্ন এক জগতে। অভিনয়ের পাশাপাশি তিনি এখন উদ্যোক্তা। ‘ফার্নি’ নামে একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্ম চালু করেছেন তিনি, যেখানে ঘর সাজানোর নান্দনিক ভাবনাকে ব্যবসায় রূপ দিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে মেহজাবীন জানান, অভিনয়ের বাইরেও সৃজনশীল কাজের প্রতি তার বরাবরের আগ্রহ ছিল। তিনি বলেন, “শুরুতে কস্টিউম ডিজাইন নিয়ে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম, ওটা আমার জন্য নয়। তবে বাসা সাজানো এবং ঘরবাড়ির পরিকল্পনা করতে করতে ইন্টেরিয়র ডিজাইনের প্রতি ভালোবাসা তৈরি হয়।”

এই আগ্রহ থেকেই শুরু ‘ফার্নি’-এর পথচলা। মেহজাবীন জানান, ‘ফার্নি’ মূলত তার ও কয়েকজন বন্ধু ও সহকর্মীর সম্মিলিত উদ্যোগ। এখন পর্যন্ত তারা ছয়টি প্রজেক্ট সম্পন্ন করেছেন।

তবে এত দিন এই উদ্যোগ গোপনই রেখেছিলেন। এ বিষয়ে তিনি বলেন, “ফেসবুকে কয়েকবার ফার্নির পোস্ট দিয়েছিলাম, কিন্তু অনেকেই ধরে নিয়েছিল আমি অন্য কারও ব্যবসা প্রমোট করছি। আসলে তখনো এটিকে নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি।”

এখানেই থেমে থাকতে চান না মেহজাবীন। ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে তার। পাশাপাশি সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত হতে চান এই অভিনেত্রী। ইতোমধ্যে তিনি ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ নামে দুটি সিনেমার প্রযোজনা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলেও জানান।

এক সময়ের মিস বাংলাদেশ খেতাবজয়ী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক ভূমিকায় কতটা সফল হন, তা সময়ই বলে দেবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন