সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

হার্টের রিংয়ের দাম কমলো

ডেস্ক রিপোর্ট।।

হার্টের রোগীদের জন্য বড় স্বস্তির খবর দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের হৃদ্‌রোগে ব্যবহৃত স্টেন্টের (রিং) দাম সর্বোচ্চ ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্টেন্টের খুচরা মূল্য এখন সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, Abbott, Boston Scientific ও Medtronic কোম্পানির ১১ ধরনের স্টেন্টের দাম কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ, ভ্যাট-ট্যাক্স, আমদানি খরচ এবং যুক্তিসঙ্গত মুনাফার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগ বলছে, এ সিদ্ধান্তের ফলে হৃদ্‌রোগীদের চিকিৎসা ব্যয় কমবে, পাশাপাশি স্টেন্ট নিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতাও নিয়ন্ত্রণে থাকবে।

এছাড়া, হাসপাতালগুলো যেন সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) অনুসরণ করে এবং স্টেন্ট স্থাপনের জন্য ৫ শতাংশের বেশি সার্ভিস চার্জ আদায় না করে—সেজন্যও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় একে কেন্দ্রীয়ভাবে তদারকির আওতায় আনবে বলেও জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ হৃদ্‌রোগ চিকিৎসাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করবে দেশের সাধারণ মানুষের জন্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন