জুলাই-আগস্ট শহীদ স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় মিছিলে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফ। মঙ্গলবার সকালে বাউফল পৌর শহরে আয়োজিত মিছিলে তাকে সামনের কাতারে দেখা যায়, যা স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
ইসলামী আন্দোলন বাউফল শাখার নেতাকর্মীরা জানিয়েছেন, মিছিলটি ছিল শহীদদের স্মরণে একটি শান্তিপূর্ণ কর্মসূচি। তবে, এসএম ইউসুফের মতো একজন সাবেক দলীয় নেতার সক্রিয় অংশগ্রহণ দলীয় নীতি ও ভাবমূর্তির প্রশ্ন তুলেছে।
গোপনীয়তা চেয়ে কয়েকজন নেতাকর্মী বলেন, “তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তার উপস্থিতি দলের মূলমন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক এবং এ বিষয়ে তদন্ত হওয়া উচিত।”
এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এসএম ইউসুফ জানান, তিনি ২০১৮ সালের আগেই আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি মুজাহিদ কমিটির সদস্য হিসেবে দ্বীনি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।
ইসলামী আন্দোলনের বাউফল শাখার সদস্য সচিব এইচ এম নুরুল আমিন বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “ইউসুফ সাহেব আমাদের নিয়মিত কার্যক্রমে অংশ নেন। মিছিলে তিনি একজন সিনিয়র হিসেবে সামনে ছিলেন মাত্র, তাকে নেতৃত্ব দেওয়া বলা ঠিক নয়।”
তবে দলটির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম কিছুটা ভিন্নমত পোষণ করে বলেন, “বর্তমানে দলে কিছু চাটুকার ও দুর্নীতিবাজ অনুপ্রবেশ করেছে। এ কারণেই আমি সভাপতির পদ ছেড়ে দিয়েছি।”
বর্তমানে বাউফল উপজেলায় ইসলামী আন্দোলন আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জানান দলটির নেতারা।

