ক্লাবের দর্শকের দুয়ো, পারফরম্যান্স নিয়ে প্রশ্ন, বারবার চোটে পড়া—সবকিছু যেন এক হয়ে দাঁড়িয়েছিল নেইমারের বিরুদ্ধে। তবে সব সমালোচনার জবাব দিলেন মাঠেই। দীর্ঘ প্রায় দুই বছর পর আবারও নিজের জাত চিনিয়ে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান তারকা।
সোমবার রাতে ব্রাজিলিয়ান সিরিআ’র উত্তেজনাপূর্ণ ম্যাচে জুভেন্টুদকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস। আর এই জয়ে বড় অবদান রাখলেন স্বদেশি তারকা নেইমার।
ম্যাচের ৩৬তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলরক্ষককে পরাস্ত করে দলের পক্ষে স্কোরলাইন খুলেন নেইমার। এরপর ৮০তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এই ম্যাচে নেইমার যেন জানিয়ে দিলেন—তিনি এখনো শেষ হয়ে যাননি।
এর মাত্র কয়েকদিন আগেই সান্তোসের এক হোম ম্যাচে দর্শকদের দুয়োর শিকার হন নেইমার। এমনকি এক দর্শকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েও পড়েন। পারফরম্যান্সের ঘাটতিই ছিল সব সমালোচনার মূল কারণ।
তবে নেইমার নিজেই বলে আসছিলেন, চোট থেকে ফেরার পর নিজেকে তৈরি করতে সময় লাগছে। অবশেষে পাঁচ ম্যাচ টানা খেলার পর নিজের সেরা ছন্দের আভাস দিলেন তিনি।
সান্তোসের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলভারো ব্যারেল। তবে প্রথমার্ধের শেষ দিকে হেড থেকে একটি গোল শোধ করে নেয় জুভেন্টুদ। দ্বিতীয়ার্ধে কিছুটা চাপে থাকলেও সান্তোস শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে।
এই ম্যাচের পর সমর্থকদের আশা—পুরনো নেইমারকে হয়তো আবারও দেখা যেতে পারে নিয়মিতভাবে।

