বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে ইসিকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক নির্দেশনা দিতে আজ রাতেই নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেবেন তিনি।

সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রধান উপদেষ্টা সরাসরি নির্বাচন কমিশনকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানাবেন। তবে নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার অনুযায়ী নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার দায়িত্ব একান্তভাবেই ইসির।

অনেকেই ধারণা করছেন, প্রধান উপদেষ্টা হয়তো জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন আজকের ভাষণে। কিন্তু সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি সঠিক নয়। তিনি বরং একটি রাজনৈতিক শান্তি, সহনশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানাবেন এবং ইসিকে একটি প্রস্তুতিমূলক চিঠি পাঠানোর কথা ঘোষণা করবেন।

ইসির ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লিখিত অনুরোধ পাওয়ার পরই কমিশন আনুষ্ঠানিক বৈঠকে বসবে এবং নির্বাচনকালীন সময়সীমা বিবেচনায় দ্রুততম সময়ে তফসিল ঘোষণা করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। সেই থেকে রাজনৈতিক সংস্কার, নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে চলছে নতুন সরকারের কার্যক্রম। আজকের ভাষণ সেই প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন