বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আজহারির মন্তব্য: কমিশনের বিতর্কিত প্রতিবেদন পুনর্মূল্যায়ন জরুরি

ডেস্ক রিপোর্ট।।

আলোচিত ইসলামি বক্তা শায়খ মিজানুর রহমান আজহারি বলেছেন, “একটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও মূল্যবোধকে অগ্রাহ্য করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না।” অভ্যুত্থান-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে আজ (মঙ্গলবার) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আজহারি মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাজারদর নিয়ন্ত্রণে যেভাবে কাজ করেছে, তা প্রশংসাযোগ্য। তবে তিনি মনে করেন, কিছু গুরুত্বপূর্ণ খাত এখনো সংস্কার থেকে বঞ্চিত রয়ে গেছে। বিশেষভাবে, তিনি বিতর্কিত একাধিক কমিশনের রিপোর্ট পুনর্মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন।

“ভবিষ্যৎ-বাংলাদেশের জন্য এই সংস্কারটা ভীষণ জরুরি ছিল,”— লিখেছেন আজহারি। “তবে বিতর্কিত এক বা একাধিক কমিশনের প্রতিবেদন পুনর্মূল্যায়ন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করাও এখন সময়ের দাবি।”

আজহারি ৫ আগস্টকে ‘এক অবিস্মরণীয় দিন’ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, “গত বছরের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ এক জুলুমের শাসনের অবসান ঘটে। ৩৬ শে জুলাই বা ৫ আগস্ট আমাদের ইতিহাসে মোড় ঘোরানো দিন।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশের মানুষ পরিচ্ছন্ন ও প্রতিযোগিতামূলক রাজনীতি চায়। হানাহানি, বিভাজনের রাজনীতি নয়। জাতিকে বিভক্ত করার রাজনীতি কখনো কল্যাণ বয়ে আনতে পারে না।”

স্ট্যাটাসে আজহারি ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শাসন যাতে আর মাথাচাড়া দিতে না পারে, সে জন্য ‘গঠনমূলক ও গণমুখী সংস্কার’ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

“সংস্কারের অভাবে যেন আবার কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে,”— মন্তব্য আজহারির।

তিনি সরকারের উদ্দেশে বলেন, সময় থাকতে জনগণের প্রত্যাশা ও সংস্কারের দাবি গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া উচিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন