সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দেশের নিরাপত্তার জন্য নবি ইবরাহিমের (আ.) দোয়া

ডেস্ক রিপোর্ট।।

ইসলামের ইতিহাসে হজরত ইবরাহিম (আ.)-এর দোয়ার গুরুত্ব অনন্য। মক্কার পবিত্র ভূমিকে কেন্দ্র করে তার করা দোয়া শুধু সেই সময়ের প্রেক্ষাপটেই নয়, বরং আজও মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস। পবিত্র কোরআনের সুরা ইবরাহিমে বর্ণিত এই দোয়াটি মুসলিমদের কাছে নিরাপত্তা ও ঈমান রক্ষার অন্যতম শ্রেষ্ঠ দোয়া হিসেবে বিবেচিত।

رَبِّ اجۡعَلۡ هٰذَا الۡبَلَدَ اٰمِنًا وَّ اجۡنُبۡنِیۡ وَ بَنِیَّ اَنۡ نَّعۡبُدَ الۡاَصۡنَامَ
উচ্চারণ: রাব্বিজআল হাযাল বালাদা আমিনাওঁ ওয়াজনুবনী ওয়া বানিয়্যা আন না’বুদাল আসনাম।
অর্থ: “হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।” (সুরা ইবরাহিম: ৩৫)

ইবরাহিম (আ.)-এর জন্ম ইরাকের বাবেল নগরীতে। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তিনি ত্যাগ করেছিলেন তার জন্মভূমি, আপনজন, এমনকি নিজের নিরাপত্তাও। নবুয়্যতের দায়িত্ব পালনের পথে তিনি একাধিক পরীক্ষা-নিরীক্ষার সম্মুখীন হন।

মক্কা যখন জনমানবশূন্য এক মরুভূমি, সেই অবস্থায় আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী হাজেরা (আ.) এবং পুত্র ইসমাইল (আ.)-কে সেখানে রেখে আসেন। পরিবারকে ছেড়ে যাওয়ার মুহূর্তে তিনি মহান আল্লাহর দরবারে আবেদন জানান—এই শহরের নিরাপত্তা এবং নিজের সন্তানদের ঈমান রক্ষার জন্য।

তিনি আরও বলেন:
“হে আমাদের রব, নিশ্চয় আমি আমার কিছু বংশধরদেরকে ফসলহীন উপত্যকায় আপনার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম, যাতে তারা নামাজ কায়েম করে…” (সুরা ইবরাহিম: ৩৭)

হাজেরা (আ.)-এর পানির খোঁজে ছোটাছুটি ও শিশুপুত্র ইসমাইলের (আ.) কান্নার প্রেক্ষিতে জমজম কূপের আবির্ভাব ঘটে। এরপর কালের পরিক্রমায় লোকজন আসতে থাকে, গড়ে ওঠে বসতি, নির্মিত হয় পবিত্র কাবা—এক মহাবিপ্লবের সূচনা হয় নির্জন মক্কার বুকে।

কাবা ঘর নির্মাণের পর বহু শতাব্দী পেরিয়ে, ইসমাইল (আ.)-এর বংশধরদের মধ্য থেকে প্রেরিত হন মানবজাতির সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। যিনি মক্কাকেই ইসলামের কেন্দ্র করে একটি ঐক্যবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তুলেন।

বর্তমান বিশ্বের নিরাপত্তা সংকট, ধর্মীয় সহিষ্ণুতার অভাব এবং নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে হজরত ইবরাহিম (আ.)-এর এই দোয়া যেন আরও বেশি প্রাসঙ্গিক। আজও প্রতিটি মুসলমান, বিশেষ করে রাষ্ট্রনায়ক, নীতিনির্ধারক এবং অভিভাবকদের উচিত—দেশ ও জাতির জন্য এ দোয়া নিয়মিত পড়া।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন